মনযুদ্ধ


যুদ্ধ শব্দটি শুনলেই চোখের সামনে আসে যুদ্ধক্ষেত্র, তীব্র গর্জন আর ধ্বংসস্তুপ। অনেকেই ভাবেন যুদ্ধ মানেই বাইরের কোনো শত্রুর সঙ্গে মুখোমুখি লড়াই। ইতিহাসের পৃষ্ঠাগুলো আমাদের শেখায়, লড়াই হয় জমি, শক্তি আর বাসস্থান নিয়ে। কিন্তু প্রকৃতপক্ষে, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ তো আমাদের মনের অন্দরে লড়ে যাই আমরা প্রতিদিন।

এই যুদ্ধক্ষেত্র কোনো সামরিক ছাউনি নয়, কোনো ধূলোময় মাঠও নয়। এটা ঘটে আমাদের মনের গভীরে, যেখানে আমরা একা, যেখানে কোনো সেনাপতি বা গাইড নেই। এখানে আমরা নিজেরাই হচ্ছি নিজেদের সৈনিক, কমান্ডার, কখনো শত্রু।


আমাদের মনকে ঘিরে থাকে নানা ভয়, সন্দেহ আর অনুশোচনার অদৃশ্য শত্রুরা। ভয় আমাদের পা আটকে দেয়, বড় কোনো কাজ শুরু করার আগেই থমকে বসায়। সন্দেহ আমাদের ভিতর বাসা বেঁধে, আমাদের ক্ষমতা আর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। অনুশোচনা অতীতের ভুল ও হারানো সময়ের মতো আমাদের ওপর ওজন চাপিয়ে দেয়। একেকটা নেতিবাচক ভাবনা যেন একেকটি বন্দুকধারী সৈনিক, যাদের দমন করা কঠিন। এই যুদ্ধে আমরা ক্লান্ত, কারণ এই যুদ্ধ থামে না সকাল থেকে রাত, স্বপ্নেও সেই যুদ্ধ চলে।


তবে এই যুদ্ধে একপাশে আছে আমাদের সাহস, আশা ও ধৈর্য। সাহস হলো অন্ধকারে জ্বলন্ত একটি ছোট প্রদীপ; যদিও পুরো ঘর আলোকিত করতে পারে না, তবু পথ দেখায়। আশা হলো এমন একটি কম্পাস, যা দূরের অজানা পথে আমাদের সঠিক দিক দেখিয়ে দেয়। আর ধৈর্য হলো সেই ঢাল, যা বারবার পড়েও আমাদের আবার দাঁড়িয়ে লড়াই চালিয়ে যেতে সাহায্য করে।


যদিও এ যুদ্ধে জয় মানে নেতিবাচক ভাবনাকে সম্পূর্ণ নির্মূল করা নয়। বরং সেগুলোকে কীভাবে মোকাবিলা করব তা শেখা। নিজের প্রতি সহানুভূতি রাখা, নিজের নিয়ন্ত্রণে যা আছে সে বিষয়ে মনোযোগ দেওয়া, এবং সেই সমস্ত ভয় আর সন্দেহকে যুক্তি দিয়ে চ্যালেঞ্জ করার নামই হলো সত্যিকারের যুদ্ধজয়।


এ মনযুদ্ধ আজীবন চলতে থাকবে, এমনটি মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কিছুদিন আমরা সহজে জিতব, আবার কখনো হারব। কিন্তু প্রতিদিন সকালে উঠে নতুন করে চেষ্টা করা, নিজেকে আবার সামলানো এসবই হলো আমাদের ছোট ছোট বিজয়। এ বিজয়গুলো মিলে গড়ে তোলে এক ধরণের অবিচল শক্তি, যা বাইরের কোনো ঝঞ্ঝা ধ্বংস করতে পারে না।


 আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ পৃথিবী জয় করার জন্য নয়, নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়ার জন্যই। একবার যখন আমরা নিজের মনের অন্দরে সেই যুদ্ধক্ষেত্র সামলে নিতে শিখব, বাইরের কোলাহল আর চাপ অনেকটাই সহজ হবে। কারণ যখন তুমি নিজের মনকে জয় করবে, তখন পৃথিবী তোমার সামনে যাই আনুক না কেন, তুমি তাকে মোকাবিলা করতে পারবে।

Comments